প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে।
এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তাসংশ্লিষ্ট অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।