সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : June 06, 2026

তথ্যপ্রযুক্তি মানুষের জন্য সুবিধা বয়ে আনলেও সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ তৈরি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

শনিবার (৬ জুন) রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কাউন্সিল হলে আয়োজিত এক গোলটেবিল আলোচনাসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘বাংলাদেশে ভুয়া খবর মোকাবেলা : নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

 

অনুষ্ঠানে সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

 

জহির উদ্দিন স্বপন বলেন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবর এখন বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সমস্যার ভয়াবহতা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন সমাধানের সময়। সরকার মেধা ও প্রযুক্তিভিত্তিক সঠিক নীতিমালা প্রণয়নে সুনির্দিষ্ট প্রস্তাবের অপেক্ষায় রয়েছে।

 

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক বা সামাজিক নেতৃবৃন্দ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করতে পারেন। কিন্তু বিদ্যমান অর্থনৈতিক ও প্রযুক্তিগত ইকোসিস্টেমের জটিলতাগুলো নিখুঁতভাবে বুঝতে বিশেষজ্ঞদের ওপরই নির্ভর করতে হয়। এই মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বর্তমান জাতীয়তাবাদী সরকার যে কোনো সময়ের চেয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বেশি সম্পৃক্ত করছে।

 

 

ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মূলধারার গণমাধ্যমগুলো অনেক শ্রম দিয়ে কনটেন্ট তৈরি করে, অথচ ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তা বিনা পয়সায় ব্যবহার করে আয় করছে। অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ এখন আইন করে কনটেন্ট ক্রিয়েটরদের রয়্যালটি দিতে বাধ্য করছে। বাংলাদেশেও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মতান্ত্রিক ও জবাবদিহিতামূলক কাঠামোর মধ্যে আনা গুরুত্বপূর্ণ।’

 

 

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং সাবেক সংসদ সদস্য ও এ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। সভায় দেশের আইসিটি খাত ও গণমাধ্যমের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Share This