আইএইএ প্রধানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ ইরানের

আইএইএ প্রধানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ ইরানের

আন্তজার্তিক ডেস্ক : June 21, 2025

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান।  ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিষয়ে রাফায়েল গ্রোসির মনোভাব নিয়ে সমালোচনা করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির–সায়েদ ইরাভানি। সেই সঙ্গে ইসরাইলি হামলার নিন্দা না জানানোকেও ইরাভানির ব্যর্থতা বলেন তিনি।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি গত বৃহস্পতিবার রাফায়েল গ্রোসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরাইলি হামলার সময় ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনেছেন।

যদিও শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাফায়েল গ্রোসি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলার ঘটনা ‘পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে’।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিভিন্ন স্থান, বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। জবাবে তেহরানও তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

ইসরাইলের সরকারি হিসাব মতে, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের গণমাধ্যম অনুসারে, ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।

 

Share This