সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

আন্তজার্তিক ডেস্ক : October 04, 2026

সোমালিয়া ‘কোনো অবস্থাতেই’ দেশটিতে ইসরায়েলি উপস্থিতি মেনে নেবে না এবং মধ্যপ্রাচ্যের সংকটে জড়িয়ে পড়ার যেকোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবে বলে জানিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহামুদ বলেন, ইসরায়েল বারবার্বায় একটি নৌঘাঁটি স্থাপন ও বিমানবন্দর ব্যবহারের পরিকল্পনা করছে।তিনি আরও যোগ করেন, তাদের আসল উদ্দেশ্য হলো উপসাগরীয় দেশগুলোর ও ইরানের কাছাকাছি যাওয়া।

 

বারবার্বা হলো সোমালিল্যান্ডের এডেন উপসাগর উপকূলের একটি বন্দরনগরী।

সোমালিল্যান্ড হলো সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্বঘোষিত প্রজাতন্ত্র, যাকে ইসরায়েল গত বছর স্বীকৃতি দিয়েছিল, কিন্তু মোগাদিশু এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে।

 

বারবার্বা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি সমুদ্রের ওপারে ইয়েমেনের মুখোমুখি অবস্থিত।

ইরানপন্থি হুথিরা এর আগে এ এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর অবরোধ আরোপ করেছিল।

 

সাক্ষাৎকারে মোহামুদ বলেন, ‘ইসরায়েলি পদক্ষেপের কারণে আমাদের দেশের সামনে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, আমরা তা কাটিয়ে উঠব।

’

 

তিনি আরও বলেন, ইসরায়েলি পরিকল্পনাগুলো ‘গ্রেটার ইসরায়েল’ প্রকল্পের অন্তর্ভুক্ত। এই শব্দ এমন বিভিন্ন প্রস্তাবকে বোঝায়, যা প্রায়শই বাইবেলের ব্যাখ্যার ওপর ভিত্তি করে বর্তমান সীমানার বাইরে ইসরায়েলের ভূখণ্ডগত নিয়ন্ত্রণের কথা বলে। এর কিছু রূপ নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত।

ইসরায়েল এটিকে তাদের আনুষ্ঠানিক নীতি হিসেবে গ্রহণ করেনি, তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৫ সালের আগস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এই দর্শনের সঙ্গে নিজের সংযোগ অনুভব করেন, যা আরব সরকারগুলোর তীব্র নিন্দা কুড়িয়েছিল।

Share This