পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক : April 03, 2026

টানা তিন বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতার দায় মাথায় নিয়েই অবশেষে পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ফুটবল বিষয়ক একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতালির রাজধানী রোমে ফেডারেশনের সদর দপ্তরে এক বৈঠকে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন।

ইঙ্গিতটা যদিও আগেই পাওয়া গিয়েছিল। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপীয় প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়। এরপরই ফুটবল প্রধান গ্রাভিনার পদত্যাগ দাবি করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি।

এরপর গ্রাভিনা জানিয়েছিলেন, আপাতত পদ ছাড়ার কোনো ইচ্ছা তার নেই। তবে আগামী সপ্তাহের বোর্ড সভায় তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

শেষ পর্যন্ত আর আগামী সপ্তাহে যাওয়া লাগেনি, ক্রীড়ামন্ত্রীর দাবির পর একই দিনে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইতালির ফুটবল প্রধান।

Share This