দুর্নীতির বিরুদ্ধে ‘ঘাড় ধরে টান’ দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

দুর্নীতির বিরুদ্ধে ‘ঘাড় ধরে টান’ দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

বরিশাল প্রতিনিধি : February 06, 2026

দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতির মূলোৎপাটনে শুধু ওপরের অংশ নয়, শেকড়ে হাত দেওয়া হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আমরা দুর্নীতির পাতা-ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব।' তিনি আরও বলেন, বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোটদের শাস্তি দেওয়া হবে—এমন বৈষম্য চলতে পারে না। ক্ষমতায় গেলে নিজেদের চাঁদাবাজি না করা এবং কাউকে চাঁদাবাজি করতে না দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

ডা. শফিকুর রহমান দাবি করেন, বিগত সাড়ে ১৫ বছরে ব্যাংক, বিমা ও মেগা প্রকল্পের নামে বিপুল অর্থ লুটপাট হয়েছে এবং বিদেশে অর্থ পাচার হয়েছে। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে দল প্রতিশ্রুতিবদ্ধ।

দলের নেতাকর্মীদের ওপর অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন সময় দলের শীর্ষ নেতা ও কর্মীদের হত্যা, গ্রেফতার ও নিপীড়নের ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, প্রতিশোধ না নেওয়ার অবস্থান নিয়েছে জামায়াত, তবে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দেওয়া হবে।

নারীর নিরাপত্তা ও যুবকদের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, বেকার ভাতা নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই দলের লক্ষ্য। নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এসময় বরিশাল অঞ্চলের নদীভাঙন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে নদী সংস্কার ও বাঁধ নির্মাণ করা গেলে আগামী ১০ বছরে এ অঞ্চলের পরিস্থিতি বদলে যেতে পারে।

সমাবেশে তিনি দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয়কে প্রাধান্য দেওয়ার কথা বলেন এবং বরিশাল অঞ্চলের বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট ও দোয়া কামনা করেন। জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

Share This