স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখায় স্পেন সরকারের প্রশংসা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।
বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের এটি ছিল প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।
বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং বাংলাদেশ-স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ ছাড়া দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে জাতীয় বাজেট বাস্তবায়ন ও এর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট, এর সম্ভাব্য সমাধান এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
জবাবে স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।