বাংলাদেশ নৌবাহিনীর শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে চট্টগ্রামে নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইনস্টিটিউট (BNTI)-এর নতুন প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) প্রতিষ্ঠানটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (NSDA)-এর অধিভুক্ত BNTI ২০০৯ সাল থেকে কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪টি ট্রেড কোর্স পরিচালিত হচ্ছে এবং ইতোমধ্যে ৫ হাজার ৩০০-এর বেশি শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন প্রশিক্ষণ ভবনটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানে মেরিন টেকনোলজি, শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে চারটি ডিপ্লোমা কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির সম্প্রসারিত কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রতিবছর প্রায় ৬০০ থেকে ৬৪০ জন ট্রেড কোর্স প্রশিক্ষণার্থী এবং ১৬০ থেকে ২০০ জন ডিপ্লোমা শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং দেশের কারিগরি শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তিনির্ভর, দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।