বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রকোপ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রকোপ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : April 08, 2026

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত দুই সরকারের ব্যর্থতার কারণে হামের প্রকোপ বেড়েছে, রিকভার হচ্ছে আল্লাহর রহমতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

 

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

 

মন্ত্রী আরও বলেন, টিকা পোর্টাররা, যারা গত ৯ মাস যাবৎ বেতন পাচ্ছেন না, তাদের বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা শুরু হয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে টিকা কার্যক্রম চালানোর জন্য ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভায়ালে ১০ ডোজ টিকা দেওয়া যায়। হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের জন্য সরকার সর্বমোট ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আমাদের আছে এবং কোল্ড চেইন রক্ষা করা হচ্ছে।

তিনি রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখাই, তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। আমারও কিন্তু ছোটবেলায় হাম হয়েছে, নিশ্চয় আপনারও হয়েছে, সকল বাচ্চাদের হাম হয়, কিন্তু আমরা সবাই মরে যাইনি, আমাদের কিন্তু এখন দীর্ঘায়ু আরও বৃদ্ধি পেয়েছে, ইনশাআল্লাহ। একদিকে নিউট্রিশন কমে যায়, আরেকদিকে নিউট্রিশন বৃদ্ধি পায় আমাদের দেহে, এবং আল্লাহতায়লা আমাদের রেজিস্ট্যান্স বৃদ্ধি করে দেন। আর আমাদের যে হাম হচ্ছে, আপনি যথার্থ বলেছেন, বিগত দুই সরকারের ব্যর্থতার কারণে হাম হয়েছে, রিকভার হচ্ছে আল্লাহর রহমতে।

 

তিনি আরও বলেন, আমাদের অগ্রগতি কোভিড-পরবর্তী সময়ে নিয়মিত টিকাদানে মারাত্মক পতন এবং হামজনিত ‘ইমিউন অ্যামনেসিয়া’র শরীরবৃত্তীয় ঝুঁকি এসব উদ্বেগ একেবারেই যথার্থ। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

Share This