মোবাইল অ্যাপে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধা চালু

মোবাইল অ্যাপে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক : January 13, 2026

মোবাইল অ্যাপের মাধ্যমে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জের সুবিধা চালু হয়েছে। এর ফলে কাউন্টারে না গিয়েই যাত্রীরা ঘরে বসে কার্ডে টাকা যোগ করতে পারবেন।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে অ্যান্ড্রয়েডভিত্তিক র‌্যাপিড পাস অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে রিচার্জের পাশাপাশি ব্যালেন্স যাচাই, ব্যবহার ইতিহাস দেখা এবং এনএফসি সমর্থিত স্মার্টফোনে তাৎক্ষণিক ব্যালেন্স পরীক্ষা করা যাবে।

ডিটিসিএ জানায়, বিকাশ, রকেটসহ ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্স কার্ড ব্যবহার করে অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। রিচার্জ সম্পন্ন হলেও ব্যালেন্স কার্যকর করতে কার্ডটি অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করতে হবে।

অ্যাপ ব্যবহারের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে র‌্যাপিড পাস অ্যাপ ডাউনলোড করে সাইন-আপ করতে হবে। যাঁরা আগে ওয়েবসাইটে নিবন্ধিত ছিলেন, তাঁরা একই লগইন তথ্য ব্যবহার করতে পারবেন। একবারে একটি কার্ডে একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে এবং তা বাতিল করতে চাইলে সাত দিনের মধ্যে আবেদন করতে হবে, যেখানে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য।

ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

কর্তৃপক্ষের আশা, এই অ্যাপ চালুর ফলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র‌্যাপিড পাস ব্যবহারের পরিধি বাড়বে।

Share This