এক-এগারোর নেপথ্যে মইন-মতি-মাহফুজ, তদন্তে উঠে এলো নতুন তথ্য!

এক-এগারোর নেপথ্যে মইন-মতি-মাহফুজ, তদন্তে উঠে এলো নতুন তথ্য!

নিজস্ব প্রতিবেদক : May 26, 2026

সরকার ২০০৭ সালের ১১ জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অভিযোগে আনুষ্ঠানিক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এ মামলার বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসের শুরুতেই এক-এগারোর সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হতে পারে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থাগুলো। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দীর্ঘ জিজ্ঞাসাবাদে এক-এগারোর পেছনের পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তাদের মতে, এক-এগারোর মূল ষড়যন্ত্রকারীদের নামের আদ্যাক্ষর ছিল ‘ম’। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ এবং দুই গণমাধ্যম সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনাম। তদন্তসংশ্লিষ্টদের দাবি, সেনাবাহিনী ও সুশীল সমাজের মধ্যে সমন্বয় তৈরিতে এই দুই সম্পাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী জানান, এক-এগারোর পরিকল্পনা মূলত সুশীল সমাজের একটি অংশের উদ্যোগে তৈরি হয়েছিল। তাঁর ভাষ্যমতে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য দেশি-বিদেশি মহলে তৎপরতা চালানো হয়। তিনি আরও দাবি করেন, সেনাবাহিনী পরিকল্পনার শুরুতে যুক্ত না থাকলেও পরবর্তী পর্যায়ে বাস্তবায়নে অংশ নেয়।

অপরদিকে সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ তদন্তকারীদের কাছে দাবি করেছেন, এক-এগারোর আগে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নির্দিষ্ট দিকে নিতে প্রভাবশালী মহল সক্রিয় ছিল। তাঁর অভিযোগ, কিছু গণমাধ্যম সে সময় রাজনৈতিক দল ও নেতাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে জনমত তৈরিতে ভূমিকা রাখে।

তদন্ত সূত্র আরও জানিয়েছে, ক্ষমতা দখলের কয়েক দিন আগে সেনাসদরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের জন্য প্রস্তুত করা বক্তব্য নিয়েও আলোচনা হয় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে, এক-এগারোর সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নির্যাতন, ‘মাইনাস টু’ ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা এবং বিরাজনীতিকরণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তাদের মতে, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।

Share This