ফেনীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ফেনীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ফেনী প্রতিনিধি : May 16, 2026

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতুল মাওয়া মিমি (২২)। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের আবদুস সাত্তারের মেয়ে এবং সৌদি প্রবাসী ইসরাফিল হোসেন হৃদয়ের স্ত্রী।

শনিবার (১৬ মে) দুপুরে মিমির শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মিমি তার বাবা আবদুস সাত্তারকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে তার জা কমলার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরের ভেতরে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় মিমির বাবা সামনের কক্ষে বসে ছিলেন।

আব্দুস সাত্তার জানান, হঠাৎ ঝগড়া থেমে গেলে এবং দীর্ঘ সময় মেয়ের কোনো সাড়া না পেয়ে তিনি ভেতরের কক্ষে গিয়ে দেখেন, মিমি বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত মিমির স্বামী ইসরাফিল হোসেন হৃদয় বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি মোবাইল ফোনে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরব চলে যান। তার স্ত্রী শ্বশুরবাড়িতে থাকতেন এবং মাঝে মাঝে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করতে সেখানে যেতেন। এসব বিষয় নিয়ে তার স্ত্রী ও বড় ভাইয়ের স্ত্রীর মধ্যে কয়েকবার বিরোধ হয়েছিল বলেও জানান তিনি।

নিহতের ছোট বোন জান্নাতুল ফেরদাউস অভিযোগ করেন, বিদ্যুৎ বিল নিয়ে বিরোধের জেরে তার বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিকে আবদুস সাত্তারও অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share This