অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর মেয়াদের রিটার্ন আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই দাখিল করতে পারবেন করদাতারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।
আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতি তিন কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান যুক্ত করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। নতুন বিধান কার্যকর করতে এনবিআরের ইভ্যাট ব্যবস্থায় কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এ কারণে জনস্বার্থে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সময়সীমা বাড়ানো হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
এনবিআরের এ সিদ্ধান্তের ফলে জুলাই-সেপ্টেম্বরের সংশ্লিষ্ট কর মেয়াদের অনলাইন রিটার্ন নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে সুদ ও জরিমানা প্রযোজ্য হবে না।