রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

নিজস্ব প্রতিবেদক : March 16, 2026

আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ ও স্বস্তিদায়ক করতে সময় বৃদ্ধির আবেদন করার অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এখন থেকে ঘরে বসেই করদাতারা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে জরিমানা ছাড়াই সময় বৃদ্ধির আবেদন করে সর্বোচ্চ ৯০ দিন সময় বৃদ্ধি করে রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার (১৬ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ইতোমধ্যে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কোনো করদাতা এই সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারলে তিনি ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহার করে অতিরিক্ত সময়ের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে এই আবেদন পর্যালোচনা করে অনলাইনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন। সময় মঞ্জুর হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো প্রকার জরিমানা বা অতিরিক্ত কর দেওয়া ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এ ক্ষেত্রে করদাতার ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের মধ্যে আবেদন করা বাধ্যতামূলক।

এনবিআর বিবৃতিতে সব সম্মানিত করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অথবা অনুমোদিত অতিরিক্ত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ার ফলে আবেদন অনুমোদন বা নামঞ্জুর করার বিষয়টি আরও স্বচ্ছ ও দ্রুততর হবে বলে আশা করছে এনবিআর।

ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। এবার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা সরাসরি সার্কেল অফিসে লিখিতভাবে অথবা অনলাইনে উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।

Share This