ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কোর্স-২০২৬-এর প্রশিক্ষণার্থী কর্মকর্তারা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি পুলিশ সদর দফতর পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের প্রধান এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলাম। এতে উভয়ে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
প্রতিনিধিদলের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষে পুলিশ সদর দফতরের হল অব ইন্টেগ্রিটিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম।
সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা কার্যক্রম, সাম্প্রতিক উদ্যোগ ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সভার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের চ্যালেঞ্জ, অপরাধ দমন, সাইবার ক্রাইম ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।
সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এ ধরনের সফর সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াবে। দেশের যেকোনো প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যেরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করে থাকেন।’
প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাসহ চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার ৩১ জনসহ মোট ১০৪ জন প্রশিক্ষণার্থী ছিলেন।