শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদে লড়ছেন নায়ক রাসেল মিয়া

শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদে লড়ছেন নায়ক রাসেল মিয়া

বিনোদন ডেস্ক : June 29, 2026

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ‘আরমান-মুক্তি’ প্যানেল থেকে দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক রাসেল মিয়া। নির্বাচনকে সামনে রেখে বর্তমানে প্রচারণা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

নির্বাচনী পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে রাসেল মিয়া বলেন, “প্রিয় সহকর্মীদের ভোটে নির্বাচিত হলে আমি আজীবন তাঁদের কল্যাণ ও সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। পাশাপাশি শিল্পীদের ন্যায্য অধিকার কেউ যেন হরণ করতে না পারে, সে বিষয়েও কাজ করব ইনশাআল্লাহ। আমি চাই শিল্পী সমিতি সবার জন্য ন্যায় ও ইনসাফের জায়গা হয়ে উঠুক।”

এফডিসিতে নির্বাচনী পরিবেশের মধ্যেও সাধারণ শিল্পীদের মাঝে রাসেল মিয়াকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে বলে জানা গেছে।

এদিকে দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন অভিনেতা জ্যাকী আলমগীর। প্রতিদ্বন্দ্বী সম্পর্কে জানতে চাইলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করেন রাসেল মিয়া। তিনি বলেন, “জ্যাকী আলমগীর সাহেব একজন ভালো মানুষ। এফডিসিতে তাঁর দীর্ঘদিনের পথচলা রয়েছে এবং চলচ্চিত্রে তাঁর অনেক অবদান আছে। নির্বাচনে আমি জয়ী হই কিংবা জ্যাকী ভাই জয়ী হন—যেই আসুক, আমি খুশি। আমার মূল চাওয়া একটাই, আমরা যে-ই নির্বাচিত হই না কেন, শিল্পী ও চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন নিশ্চিত হোক।”

তিনি আরও বলেন, “আমরা সবাই যেন একটি সুন্দর ও ঐক্যবদ্ধ চলচ্চিত্র পরিবার হিসেবে মিলেমিশে থাকতে পারি।”

আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share This