বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি এবং জাহাজসমূহের রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আধুনিক ও স্বনির্ভর করার লক্ষ্যে ‘শিপ ডকিং অ্যান্ড রিপেয়ার ফ্যাসিলিটি (মোংলা স্লীপওয়ে)’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বানৌজা মোংলায় আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নৌবাহিনী সূত্রে জানা যায়, যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজসমূহের সার্বক্ষণিক অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে একটি আধুনিক স্লীপওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাহাজসমূহের ডকিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম আরও দ্রুত, কার্যকর এবং ব্যয় সাশ্রয়ী হবে।
এছাড়া, নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় জাহাজগুলোর প্রয়োজনীয় মেরামত কার্যক্রম পরিচালনার সুযোগ বাড়বে, যা বাহিনীর অপারেশনাল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।