সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

নিজস্ব প্রতিবেদক : April 19, 2026

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন পোস্ট অফিস (দ্বিতীয় শিফট) চালু হচ্ছে।

গত ১২ এপ্রিল ডাকঘর অধিদফতর থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে নৈশকালীন ডাকঘর চালু করে পরবর্তী তিন মাসের ভ্যালু রিটার্ন সম্বলিত প্রতিবেদন ডাক অধিদফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন (বি-গ্রেড) পোস্ট অফিস স্থাপনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট এস এম আরিফ মন্ডল ৮ ফেব্রুয়ারি একটি আবেদনপত্র ডাক অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠান

আবেদনপত্রে জনসাধারণের দ্রুত ডাক সেবা গ্রহণের সুবিধার্থে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের পত্রাদি/আদেশ যথাসময়ে প্রেরণ, বিজ্ঞ আইনজীবীদের চিঠিপত্রাদি প্রেরণ এবং সর্বোপরি সরকারি কাজের স্বার্থে সাব-পোস্ট অফিসে সান্ধ্যকালীন ডাক সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণের কথা উল্লেখ করা হয়।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাব পোস্ট অফিস (দ্বিতীয় শিফট) চালু হওয়ার ফলে প্রতি কার্যদিবসে রাত সাড়ে ৮টা পর্যন্ত গ্রাহকসেবা গ্রহণ করা যাবে। ফলে বিচারপ্রার্থী জনসাধারণের কাছে অতি দ্রুত চিঠি পাঠানো সম্ভব হবে। ফৌজদারি মামলায় জামিনের আদেশগুলো অতি দ্রুত সংশ্লিষ্ট জেলা জজ আদালতে পৌঁছে যাবে। অনলাইনে জামিনের আদেশ দ্রুত গেলেও পোস্ট অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট আদেশগুলো পৌঁছাইতে আর দেরি হবে না।

একজন নিরাপরাধ মানুষ উচ্চ আদালত থেকে জামিন পেলে অতি দ্রুত প্রশাসনিক ঝামেলা ব্যতিরেকে জেলখানা থেকে মুক্তি লাভ করতে পারবে। দেওয়ানী ও রিট মামলার আদেশগুলো সংশ্লিষ্ট বিচার প্রার্থীদের কাছে মাসের পর মাস অপেক্ষায় পৌঁছাত।

নৈশকালীন ডাকসেবা চালু ফলে সুপ্রিম কোর্টের ডেসপাস সেকশনে ফাইলের স্তূপ আর জমা থাকবে না। সুপ্রিম কোর্টের ডেসপাস সেকশন চাইলে প্রতিদিনের আদেশ ওইদিন রাত সাড়ে ৮টার মধ্যে নৈশকালীন ডাকঘরে জমা করতে পারলে অতিসত্বর তা বিচারপ্রার্থীর কাছে পৌঁছানো নিশ্চিত করতে পারবে।

অনেক সময় বিচারপ্রার্থী হাইকোর্ট বিভাগে কোন অন্তর্বর্তীকালীন আদেশ পেয়ে থাকেন। কিন্তু তিনি যদি আপিল বিভাগে কেভিয়েট না দাখিল করে থাকেন সেক্ষেত্রে অপরপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে দরখাস্ত দাখিল করলে হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষ পত্রপ্রাপ্তি সাপেক্ষে জানতে পারেন। কিন্তু সেই পত্র যদি একদিন পরে পৌঁছায়, তাহলে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পেয়ে তিনি যে খুশি হয়েছিলেন তা নিমিষেই বিষাদ হয়ে যায়। এখন নৈশকালীন সেবা থাকার ফলে সংশ্লিষ্ট বিচারপ্রার্থী অতি দ্রুত আপিল বিভাগের পত্রপ্রাপ্তি সাপেক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবেন।

নৈশকালী পোস্ট অফিস স্থাপনের বিষয়ে এস এম আরিফ মন্ডল জানান, তিনি ব্যক্তিগতভাবে ডাক অধিদফতরের মহাপরিচালক জনাব কাজী আসাদুল ইসলামের সঙ্গে সার্বক্ষণিক দাফতরিক যোগাযোগ রেখেছিলেন। মহাপরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় অতি স্বল্প সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর স্থাপন সম্ভব হচ্ছে।

 

Share This