পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গীকার এবং রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি।
বুধবার (১৩ মে) মিরপুর সেনানিবাসে অবস্থিত Military Institute of Science and Technology-এ (এমআইএসটি) আমন্ত্রিত শিক্ষক হিসেবে পারমাণবিক সুরক্ষা বিষয়ক এক বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এমআইএসটির নিউক্লিয়ার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে “Nuclear Security: National Responsibility Under International Commitment and Its Implications on National Security” শীর্ষক বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে পারমাণবিক স্থাপনা, উপাদান ও প্রযুক্তির নিরাপত্তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়; বরং এটি বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আস্থার সঙ্গে জড়িত।
তিনি বলেন, সন্ত্রাসবাদ, সাইবার হুমকি, প্রযুক্তিগত ঝুঁকি ও অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বলতা এখন পারমাণবিক সুরক্ষার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এসব মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা জরুরি।
বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের বিষয়ে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড, নিরাপত্তা সংস্কৃতি ও দায়িত্বশীল ব্যবস্থাপনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ এ স্থাপনার সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তঃসংস্থার সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, পারমাণবিক সুরক্ষা এখন বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ। ভৌত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, জরুরি সাড়া প্রদান, প্রশিক্ষিত মানবসম্পদ ও জনসচেতনতা এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। একই সঙ্গে গবেষণা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
বক্তৃতা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিরক্ষা উপদেষ্টা। পরে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাকে ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে তিনি এমআইএসটির শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিক্স, ড্রোন ও অন্যান্য প্রযুক্তিনির্ভর প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী কার্যক্রমের প্রশংসা করেন।