রমজানের প্রথম দিনেই উত্তপ্ত পেঁয়াজের বাজার

রমজানের প্রথম দিনেই উত্তপ্ত পেঁয়াজের বাজার

নিজস্ব প্রতিবেদক : February 19, 2026

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর কাঁচাবাজারে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা শুরু হয়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদাকে অজুহাত হিসেবে দাঁড় করালেও রোজার শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়েরবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে মিলছে না। অপেক্ষাকৃত ছোট আকারের পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হলেও মানভেদে অধিকাংশ দোকানেই তা ৭০ টাকা পর্যন্ত ঠেকেছে। অথচ মাত্র কয়েক দিন আগেও এই পেঁয়াজ কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকায় পাওয়া যেত।

বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে বিক্রেতারা দুষছেন পাইকারি বাজার ও মৌসুমের শেষ সময়কে। মোহাম্মদপুর বাজারের খুচরা বিক্রেতা হাসান মাহমুদ জানান, গত দু-তিন দিন ধরেই আড়তে পেঁয়াজের দাম বাড়তি। তাঁর দাবি, মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে আসা এবং রমজান উপলক্ষে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরায়।

তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ ভিন্ন। ধানমন্ডি এলাকায় বাজার করতে আসা মারুফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রোজাকে পুঁজি করে ব্যবসায়ীরা পকেট কাটার উৎসবে মেতেছেন। গত সপ্তাহেও দুই কেজি পেঁয়াজ ১০০ টাকার নিচে কিনেছি, আজ এক কেজির দামই চাচ্ছে ৬৫ টাকা।’

একই আক্ষেপ শোনা গেল রিকশাচালক শুক্কুর আল আমিনের কণ্ঠে। তিনি জানান, কয়েক দিন আগে ভ্যান থেকে ৫০ টাকায় কিনলেও এখনকার চড়া দাম তাঁর মতো সীমিত আয়ের মানুষের জন্য বড় চাপ।

বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতি বছরই রমজান ঘিরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন। সঠিক তদারকি ও সরবরাহে ঘাটতি থাকলে সাধারণ মানুষের এই ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share This