৫ ইসলামী ব্যাংক একীভূতকরণ দ্রুত শেষ করার নির্দেশ

৫ ইসলামী ব্যাংক একীভূতকরণ দ্রুত শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : March 17, 2026

শরিয়াহভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি ইন্টিগ্রেশনসহ একীভূতকরণ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

সোমবার (১৬ মার্চ) গভর্নরের কার্যালয়ে ব্যাংকগুলোর প্রশাসক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে গভর্নর আইটি ইন্টিগ্রেশন বিলম্বের কারণ জানতে চাইলে কর্মকর্তারা বলেন, বিভিন্ন ব্যাংকের আলাদা ডেটা একত্রিত করতে সময় লাগছে। একীভূতকরণ নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে গভর্নর বলেন, সরকার এরই মধ্যে নতুন ব্যাংকে ২০ হাজার কোটি টাকা মূলধন দিয়েছে এবং আমানত বীমা তহবিল থেকে গ্রাহকদের জন্য আরও ১২ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। ফলে এ প্রক্রিয়া থেকে পিছু হটার সুযোগ নেই।

দীর্ঘদিন আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। বর্তমানে এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে, বিপরীতে ঋণ রয়েছে প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা, যার ৭৭ শতাংশই খেলাপি।

কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ স্কিমের আওতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে গ্রাহকেরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আমানত তুলতে পারছেন। এর বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।

Share This