বিতর্কের আরেক নাম পরীমনি। কথা আর কাজের মাধ্যমে নতুন নতুন আলোচনার জন্ম দিতে ঢালিউডের এই নায়িকার জুড়ি নেই। তাকে নিয়ে চর্চা চলে সারা বছরই। সেই ধারাবাহিকতায় মধ্যরাতে পঞ্চম বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনার কেন্দ্রে বাস্তবের পরী।
তবে নায়িকার পরবর্তী বিয়েটা নির্ভর করছে লিওনেল মেসিদের ওপর। পরীমনি জানিয়েছেন, ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি এবারও শিরোপা জিততে পারে, তবেই তিনি আরেকটা বিয়ে করবেন।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে এই ইচ্ছার কথা জানিয়েছেন রুপালি পর্দার ‘মহুয়া সুন্দরী’।
অভিনেত্রী লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটি বিয়ে করবো ফাইনাল।’ সঙ্গে দিয়েছেন কয়েকটা লাভ ইমোজি।
পরীমনি যখন এই স্ট্যাটাস দেন, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। এক্ষেত্রে সবারই জানা, চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকে তিনি মেসিদের নিয়ে তৈরি গান থেকে রিলও বানিয়েছেন। যেটি রেকর্ডসংখ্যক ভিউ পেয়েছে।
এদিকে পরীমনির স্বপ্ন পূরণের খুব কাছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন লিওনেল মেসিরা। ফলে তার পঞ্চম বিয়ের ইচ্ছেও আটলান্টার বাতাসে ডানা মেলে উড়ছে। আর মাত্র একটি ধাপ। আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচে স্পেনকে হারালেই চতুর্থ শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা।
অন্যদিকে আর্জেন্টিনার জয়ের পর ইংলিশ ফুটবলার হ্যারি কেউনের বিধ্বস্ত মুখের একটি ছবি (টিভির স্ক্রিন থেকে তোলা) পোস্ট করে আরেকটি পোস্টে পরীমনি লিখেছেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’
কিন্তু মেসিরা বিশ্বকাপ জিতলে সত্যি কি আবার বিয়ে করবেন পরীমনি? নাকি শুধুই মজার ছলে ফেসবুক পোস্টটি দিয়েছেন নায়িকা? এর উত্তর তো সময়ই বলে দেবে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরীমনি এ পর্যন্ত চারটি বিয়ে করেছেন। এর মধ্যে দুটি বিয়ে করেন নায়িকা হওয়ার আগে। অর্থাৎ, যখন কিনা এই অভিনেত্রীকে তার পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজন ছাড়া কেউই চিনতেন না।
জানা যায়, মাত্র চার বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালী গ্রামে নানাবাড়িতে থাকতে শুরু করেন পরীমনি। পরবর্তীতে সেখানকার একটি স্কুল থেকেই এসএসসি পাস করেন। এরপরই খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে নায়িকার বিয়ে হয়। সেই সংসার ভাঙে দুই বছর পর। (সূত্র: যুগান্তর। ৬ আগস্ট, ২০২১)।
এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরীমনির। সৌরভ ছিলেন পেশায় ফুটবলার। বাড়ি যশোরের কেশবপুরে। সৌরভের পরিবারের সম্মতিতেই পরীমনি অভিনয় জগতে এসেছিলেন বলে খবর। দ্বিতীয় স্বামীর সঙ্গে অভিনেত্রীর নাকি এখনো ডিভোর্সই হয়নি। কিন্তু তারা আলাদা হয়েছেন বহু আগে। (সূত্র: কালের কণ্ঠ। ৫ আগস্ট ২০২১)।
চলচ্চিত্রে আসার পর পরীমনি আরও দুটি বিয়ে করেছেন। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমের বদৌলতে যা দেশের কারোই অজানা নয়।
২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সেরেছিলেন পরীমনি। সেই অনুষ্ঠানের বহু ছবি এখনো ঘুরছে গুগলসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ২০২১ সালের ১৪ এপ্রিল পরী ও তামিমের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভেঙে যায় সম্পর্ক।
তামিমের সঙ্গে ‘বিচ্ছেদের’ পর পর ২০২১ সালের মার্চে থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। সে সময় হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১: সেই সব দিন’ নামে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল এই নায়িকার।
রনি ছিলেন সিনেমাটির সহকারী পরিচালক। সেখান থেকেই প্রেম, পরে বিয়ে। ২০২১ সালের ১০ মার্চ করোনাকালীন সময়ে বিয়ে করেছিলেন রনি ও পরীমনি। কিন্তু সেই সংসার তিন মাসও টেকেনি। শুধু তাই নয়, রনির সঙ্গে বিয়ের খবর প্রকাশের পর পরীমনিকে ‘১৯৭১: সেই সব দিন’ থেকে বাদ দেন নির্মাতা হৃদি হক- এমন খবরও শোনা যায়।
রনির সঙ্গে ডিভোর্সের পর ২০২১ সালের ১৭ অক্টোবর রাজধানীর আফতাবনগরে চিত্রনায়ক শরীফুল রাজদের বাড়িতে তাকে বিয়ে করেন পরীমনি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং সেট থেকে তারা প্রেমে পড়েন। মাত্র এক সপ্তাহের মাথায় গোপনে করেন বিয়ে। সেই খবর প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি।
এর কয়েক মাস পরই ওই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের অভিভাবক হন রাজ ও পরীমনি। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বারবার প্রকাশ হতে থাকে তাদের দাম্পত্য কলহের খবর। জিনিসপত্র নিয়ে পরীমনির বাসা ছেড়ে চলেও যান রাজ। অনেক নাটকীয়তার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়।
সেই থেকে একাই রয়েছেন পরীমনি। ঔরসজাত পুত্রসন্তান শাহীম মোহাম্মদ রাজ্য এবং দত্তক নেওয়া মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে নানা ঝড়-ঝাপটা সামলে দিব্যি জীবন কাটাচ্ছেন আলোচিত-সমালোচিত এবং কথা-কাজে সাহসী এই নায়িকা।