কাজে যোগ দিয়েও বেশিক্ষণ কর্মস্থলে থাকতে পারেননি পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে এসে সড়কের জড়ো হওয়ার চেষ্টা করে।এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৪৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, শিয়ালবাড়ী এলাকার রাইজিং গ্রুপের প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার শ্রমিক সকালে কাজে যোগ দেন। তবে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে যান।
পরে তারা পাশের গার্মেন্টস প্রতিষ্ঠান প্রোস্টার ইন্ডাস্ট্রি কোম্পানি ও কেটেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের শ্রমিকদের কাজে বাধা দেওয়ার জন্য অগ্রসর হন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিয়ালবাড়ী এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো. তারেক জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।