বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : April 20, 2026

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) সড়ক পথে ঢাকা থেকে সকাল দশটায় বগুড়া পৌঁছালে হাজার হাজার মানুষ তাকে শুভেচ্ছা জানান।

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

এদিন বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ড উদ্বোধন এবং বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন তিনি।

পরে দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাত্রা করে দুপুর পৌনে ১টায় বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য দেবেন। পরে তিনি বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন।

এসব কর্মসূচি শেষে প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতে কিছুক্ষণ সময় কাটাবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

Share This