র‍্যাবের ভুয়া পরিচয়ে কোটি টাকা ছিনতাই: অস্ত্র ও প্রযুক্তিসহ গ্রেফতার ৫

র‍্যাবের ভুয়া পরিচয়ে কোটি টাকা ছিনতাই: অস্ত্র ও প্রযুক্তিসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক : August 15, 2026

র‌্যাবের পোশাক, আইডি কার্ড ও ওয়াকিটকি ব্যবহার করে রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের লোকজনের কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছে ডিবি পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ঘটনায় জড়িত পাঁচ সদস্যকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে র‍্যাব লেখা ৩টি পোশাক (ভেস্ট) ও ২টি ক্যাপ, ২টি নম্বর প্লেট, র‍্যাবের মনোগ্রামযুক্ত ৪টি ভুয়া পরিচয়পত্র, ৩টি ওয়াকিটকি সেট, ৪ জোড়া হাতকড়া, ২টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলি ও একটি মোটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস শিকদার ও জাফরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইলিয়াস শিকদারের বন্দর থানা এলাকার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়াইল এলাকা থেকে রবিউল ইসলাম ওরফে রুবেল ও যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকা থেকে মিন্টু রাড়ীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, রবিউল ইসলাম ওরফে রুবেলের ভাড়া বাসা থেকে ডাকাতির লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয় এবং মিন্টু রাড়ীর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব লেখা ৪টি ভেস্ট, স্টিলের ২টি ও অফসেট পেপারের ৪টি নম্বর প্লেট, র‍্যাবের মনোগ্রামযুক্ত ৪টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট ও চার্জার, ৩ জোড়া হাতকড়া, ২টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

ডিবি প্রধান বলেন, পরবর্তীতে রবিউল ও মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে সাগর বাড়ৈকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ছিনতাই করা টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করেছে। গ্রেফতার সাগর বাড়ৈ তার ভাগে ৯ লাখ টাকা পেয়েছিল, তবে সেই টাকা সে ব্যয় করতে পারেনি। ডাকাতির টাকা বিভিন্নজনের মধ্যে আনুপাতিক হারে ভাগ হয়েছে। এরমধ্যে মূল পরিকল্পনাকারীরা বড় অংশ নিয়েছে এবং অন্যান্য সুবিধা প্রদানকারীদের ভাগ দেওয়া হয়েছে। v

Share This