পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি।
সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত হয়। প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান। পাশাপাশি ধন্যবাদ জানান হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজেরিয়া কর্তৃপক্ষের আগ্রহের জন্য।
উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যাল, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং একটি যৌথ পরামর্শক কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে স্বাগত জানান।
রাষ্ট্রদূত দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের পাশাপাশি জ্বালানি, শিক্ষা এবং কৃষিতে সহযোগিতাসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের জন্য আলজেরিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের প্রতি আলজেরিয়ার অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।