প্রথমবার শিল্পকলায় একক মঞ্চে রুনা লায়লা

প্রথমবার শিল্পকলায় একক মঞ্চে রুনা লায়লা

আলাউদ্দিন ভুইয়া : July 16, 2026

দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ধারাবাহিক একক সংগীত আয়োজনের এবারের আসরে মঞ্চে উঠছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে তার একক সংগীত সন্ধ্যা।

শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ এবং শিল্পীর ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে একই ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে দেশের খ্যাতিমান সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীর একক পরিবেশনার আয়োজন করা হয়েছিল।

সম্প্রতি পারিবারিক কাজে এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই তিনি এ বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ৬২ বছরের সংগীতজীবনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানজুড়ে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী এবারই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীতানুষ্ঠান করতে যাচ্ছেন। যদিও এর আগে বিভিন্ন সময়ে একাডেমির মঞ্চে কয়েকবার গান পরিবেশন করেছেন, তবে পূর্ণাঙ্গ একক অনুষ্ঠান এই প্রথম।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন। ছয় দশকেরও বেশি সময়ের সংগীতযাত্রায় গাওয়া বহুল আলোচিত গানগুলোই স্থান পাবে এ পরিবেশনায়।

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের পছন্দের কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। শিল্পকলা একাডেমিতে আগে কয়েকবার গান গাইলেও একক অনুষ্ঠান এবারই প্রথম। আশা করছি, শ্রোতাদের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা কাটবে।”

এদিকে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে এই বরেণ্য শিল্পীর। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তার আগে রাজধানীর শিল্পকলা একাডেমির মঞ্চে রুনা লায়লার একক সংগীত সন্ধ্যা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

Share This