চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা ও সফলতার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।
বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টার’-এ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রশংসা করেন।
বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন এবং ধর্মমন্ত্রীকে আন্তরিক নেতৃত্বের মাধ্যমে হজযাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ড. আল রাবিয়াহ বলেন, এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত দক্ষ ও সুশৃঙ্খল। ভবিষ্যতে বৈশ্বিক হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে সৌদি সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথাও তুলে ধরেন।
জবাবে ধর্মমন্ত্রী কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়েরে উন্নত সেবার মাধ্যমে হজ পালনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে সৌদি সরকার।
এ সময় ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশ্বাস দেন, আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সবসময় সৌদি আরবের পাশে থাকবে।
বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।