আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার জানিয়েছেন, যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আচরণ, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'সীমিত জনবল থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা এই কাজকে আরও কার্যকর করে।'
ডিএমপি কমিশনার আরও বলেন, হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের অস্বাভাবিক চলাচল বা আচরণ দেখলে স্থানীয়রা তাদের পরিচয় ও উদ্দেশ্য জানতে চেষ্টা করুন। যদি আচরণ সন্দেহজনক মনে হয়, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করুন।
তিনি বাসিন্দাদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।