ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে টানা চার দিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এবং ভোটারদের সুবিধার্থে সরকার এই ছুটি ঘোষণা করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকর থাকবে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটি চার দিনে দাঁড়িয়েছে। এ সুযোগে নগরবাসীর অনেকেই ঢাকা ছেড়েছেন, আজও অনেকে বাড়ি ফিরছেন।
নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যা ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে চার দিন।
এছাড়া নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে বলে দোকান মালিক সমিতি জানিয়েছে।
তবে যেসব সেবা চালু থাকবে
জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি ও জরুরি টেলিযোগাযোগ।
সংবাদমাধ্যম: সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেল।
আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ, আনসার, র্যাব ও নির্বাচনি ডিউটিতে নিয়োজিত সেনাবাহিনী।