বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
পররাষ্ট প্রতিমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি জলবায়ু বিষয়ে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এবং আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে।
শামা আলজেরীয় বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর জোর দেন।
তিনি দুই দেশের জনগণে সঙ্গে যোগাযোগ জোরদার এবং খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা সুগভীর করার গুরুত্ব তুলে ধরেন।
রাষ্ট্রদূত সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আলজেরিয়ার আগ্রহ প্রকাশ করেন।
তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুগভীর করার মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের সফরের ওপরও গুরুত্ব আরোপ করেন।