সোনাগাজীর পিকআপ ছিনতাই: জাহাঙ্গীর কারাগারে

সোনাগাজীর পিকআপ ছিনতাই: জাহাঙ্গীর কারাগারে

ফেনী প্রতিনিধি : July 29, 2026

ফেনীর সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই মামলার প্রধান আসামি ও স্থানীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম (প্রকাশ বৈদ্য জাহাঙ্গীর) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মিনহাজ উদ্দিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জাহাঙ্গীর আলম সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির মৃত হোসেন আহমদের ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই গভীর রাতে উপজেলার চরখোন্দকার এলাকা থেকে মাছবোঝাই একটি পিকআপ কেচিদিয়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী হাসপাতাল এলাকা থেকে মাছবোঝাই পিকআপটি উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদী হয়ে ৪ জুলাই সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।

Share This