দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : July 16, 2026

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশটির বর্তমান আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দোহা থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই দুপুরে দোহায় পৌঁছান। 

তিনি কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে দেশটির বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।

স্পিকার এসময় মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

Share This