তারেক রহমান ঢাবি আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল

তারেক রহমান ঢাবি আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক : May 14, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর ঢাবিতে তার পড়াশুনার বিষয়টি আলোচনা চলছে। তার মধ্যে সাবেক উপদেষ্টা ও ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলছেন, তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন। কিন্তু এরশাদের শাসনামলে নিরাপত্তার কারণে তিনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি। 

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যটাসে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। 

ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢা.বির পড়াশোনা বন্ধ হয়ে যায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।

Share This