কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : August 08, 2026

বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় বইছে উৎসবের হাওয়া।

 

প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরের শুরুতে প্রধানমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। সেখানে তিনি সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি নতুন ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।

 

এরপর দুপুর নাগাদ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দংস্থ পেলাগাজী দিঘির সিএন্ডবি মাঠে অবতরণ করবেন

 

সেখান থেকে সড়কপথে তিনি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দেশের শীর্ষ আলেমদের নিয়ে আয়োজিত একটি বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

 

সফরসূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী সড়কপথে হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও হেফাজতের সাবেক আমির আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জেয়ারত করবেন এবং পরে হাটহাজারী কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।

Share This