ইরানে মার্কিন হামলা ‘আত্মরক্ষামূলক’, দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে মার্কিন হামলা ‘আত্মরক্ষামূলক’, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তজার্তিক ডেস্ক : May 26, 2026

একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন তেহরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’, অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই দক্ষিণ ইরানে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনকারী বোট লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

সোমবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, ‘ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সৈন্যদের রক্ষা করার জন্য’ এই হামলা চালানো হয়েছে। তবে চলমান যুদ্ধবিরতির সময়ে সামরিক বাহিনী ‘সংযম প্রদর্শন করছে’ বলেও তিনি উল্লেখ করেন।

 

এদিকে ইরানের সংবাদ ওয়েবসাইট তাবনাক জানিয়েছে, বোটে মার্কিন হামলায় রেভল্যুশনারি গার্ডের চার সেনা নিহত হয়েছেন। আলাদাভাবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হরমুজ প্রণালির বন্দর আব্বাস শহরের চারপাশে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এই শহরটিতে একটি সামরিক বন্দর এবং দ্বৈত-ব্যবহারযোগ্য বিমানবন্দর রয়েছে।

 

ইরানের পক্ষ থেকে আসা হুমকির সুনির্দিষ্ট বিবরণ কিংবা এই হামলা দ্বিপাক্ষিক আলোচনায় কী প্রভাব ফেলবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

 

সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে ইতোমধ্যে কাতারে পাঠিয়েছে ইরান। উল্লেখ্য যুদ্ধের সময় ইরানের থেকে তীব্র আক্রমণের মুখোমুখি হওয়া কাতারে ইরানের শত কোটি ডলারের হিমায়িত তহবিল রয়েছে।

Share This