প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ-নাস্তার বাজেট ১৫০ টাকা, পাঁচ গুণ বেশি ছিল আগে

প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ-নাস্তার বাজেট ১৫০ টাকা, পাঁচ গুণ বেশি ছিল আগে

নিজস্ব প্রতিবেদক : April 22, 2026

সরকারি ব্যয় সাশ্রয়ে নতুন বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ ও বিকেলের নাস্তার সম্মিলিত বাজেট নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধি দলের সদস্যরা। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নোয়াবের প্রতিনিধিরা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা–সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন।

বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

এদিকে, বৈঠকটি অনুষ্ঠিত হয় দুপুরে এবং এতে অংশ নেওয়া গণমাধ্যমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দফতরে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় পরিবেশিত খাবারের মেন্যু নিয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে তিনি লিখেছেন- “নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল ৫ গুণের বেশি।”

উল্লেখ্য, এই তথ্য প্রকাশের পর সরকারি ব্যয় সংকোচন ও সাশ্রয়ী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share This