তারেক রহমানের নেতৃত্বে এক মাসে দেশ অনেক দূরে এগিয়েছে : ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে এক মাসে দেশ অনেক দূরে এগিয়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : March 26, 2026

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাত্র এক মাসের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে। দেশের মানুষ তার প্রতি অত্যন্ত আশাবাদী এবং আস্থাশীল, এবং তার নেতৃত্বেই গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আজকের দিনে আমরা দেশবাসীকে এবং জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের স্বাধীনতা দিবস উদযাপন আমরা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে করছি। দীর্ঘ ১৫-১৬ বছর ফ্যাসিস্ট শাসনের সময় বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল এবং স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল। সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করেছে। প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন এবং প্রায় ১৭শ নেতাকর্মী গুম হয়েছেন।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদের সমস্ত নির্যাতন ও নিপীড়নকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে। সবশেষে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আবার নতুন করে একটি গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ পায়। আমাদের নেতা তারেক রহমান এই নির্বাচন থেকে শুরু করে সরকার গঠনের পর পর্যন্ত দেশ গড়ার কাজে সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন। মাত্র এক মাসের মধ্যেই তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে।”

বিএনপি মহাসচিব দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তারেক রহমানের কিছু উল্লেখযোগ্য উদ্যোগের কথা উল্লেখ করেন। এগুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদান, খাল খনন কর্মসূচি, প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ, এবং পহেলা বৈশাখে ফার্মার্স কার্ড বিতরণ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে ফখরুল বলেন, “দীর্ঘ ৯ মাস রণাঙ্গনে থেকে লড়াই করে জনগণ ও দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে তিনি দেশ স্বাধীন করেছিলেন। তার প্রতি বিএনপির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, একই সঙ্গে যারা আহত, কষ্টভোগী বা পঙ্গু হয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই।”

মির্জা ফখরুল স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা সাবেক প্রধানমন্ত্রী ও নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকেও স্মরণ করেন। তিনি বলেন, “যুদ্ধ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এদেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।”

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ করেন। বিএনপির চেয়ারম্যান, মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। পরে তারা মোনাজাতে অংশ নেন।

Share This