চালের দাম বাড়ছে, স্বস্তি ডিম-মুরগিতে

চালের দাম বাড়ছে, স্বস্তি ডিম-মুরগিতে

নিজস্ব প্রতিবেদক : June 19, 2026

সদ্য ঘরে উঠেছে বোরো মৌসুমের নতুন ধান। গত এপ্রিলের মাঝামাঝিতে ধান কাটা শুরু হওয়ার পর বাজারে চালের দাম কিছুটা কমতে শুরু করলেও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র এক মাসের ব্যবধানে ঢাকার খুচরা বাজারে সব ধরনের চালের দাম আবারও বাড়তে শুরু করেছে।

 

অন্যদিকে, চালের বাজারে অস্থিরতা থাকলেও ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে ডিম ও মুরগির বাজার থেকে। ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমেছে। এছাড়া সবজি, আলু ও পেঁয়াজের বাজারও আপাতত স্থিতিশীল রয়েছে।

 

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার বিশ্লেষণে দেখা গেছে, এক মাসের ব্যবধানে চিকন চালের দাম ১ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। মাসখানেক আগে যে চিকন চালের দাম কেজিপ্রতি ৭০ টাকায় নেমেছিল, বর্তমানে তা বেড়ে ৭২ টাকায় পৌঁছেছে।

 

খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, ভালো মানের চিকন চালের দাম কিছুদিন আগে ৮০ থেকে ৮২ টাকায় নেমে এলেও বর্তমানে তা ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মাঝারি ও মোটা চালের ওপর। টিসিবির তথ্য অনুযায়ী, মাঝারি চালের দাম ২ দশমিক ৫০ শতাংশ এবং মোটা চালের দাম ৩ দশমিক ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজারে মাঝারি চালের কেজি এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, যা আগে ছিল ৫২ টাকা। অন্যদিকে মোটা চালের দাম ৪৮ টাকা থেকে বেড়ে এখন ৫২ টাকায় পৌঁছেছে।

 

মুদি দোকানি মিজান জানান, পাইকারি বাজারে কিছুদিন ধরেই চালের দাম বাড়তি থাকায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়ছে। তিনি বলেন, “বেশি দামে কিনতে হচ্ছে বলে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।”

 

ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদের সময় পরিবহন সংকটের কারণে চাল সরবরাহে কিছুটা সমস্যা হয়েছিল। যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে, তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বাড়ার প্রভাব বাজারে পড়েছে।

 

এদিকে, সবজির বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। বাজারে লম্বা বেগুন ও করলা কেজিপ্রতি ৭৫-৮০ টাকা, ঢ্যাঁড়শ ৫৫ টাকা এবং কচুরমুখী, বরবটি, ধুন্দল, ঝিঙে ও গোল বেগুন ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ৬০-৭০ টাকা, ছোট পটোল ৪০-৫০ টাকা এবং শসা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে, আলু ও পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

চালের বাড়তি খরচের মাঝেও ডিম ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে ব্রয়লার মুরগির দাম কমে কেজিপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এছাড়া ফার্মের ডিমের দামও কমেছে। এক মাস আগে যে ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা ২৫ টাকা পর্যন্ত কমে ১২৫ থেকে ১৩০ টাকায় নেমে এসেছে।

Share This