বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’। “নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা” শীর্ষক এ সম্মেলনে দেশ-বিদেশের নিরাপত্তা বিশ্লেষক, শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস) আয়োজিত এ সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, ভূরাজনীতি, কৌশলগত চ্যালেঞ্জ এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি। তিনি তাঁর বক্তব্যে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক সংলাপ এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক এ সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স। তারা পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং উদীয়মান চ্যালেঞ্জ নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারণী সংস্থার শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞরা সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও প্যানেল আলোচনায় অংশ নেন। দুই দিনব্যাপী এ আয়োজনে একাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান বিনিময় ও গবেষণাভিত্তিক আলোচনার নতুন ক্ষেত্র তৈরি করে।
সম্মেলনে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।