মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে: মন্ত্রী

মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : August 10, 2026

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মুক্তিযোদ্ধার কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আযম খান।

 

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা এবং নির্বাহী কমিটির ৭৪তম সভায় তিনি এ কথা বলেন। ঢাকার মতিঝিলের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহমেদ আযম খান।

 

সভায় মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ, মৃত যুদ্ধাহত, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে কাজ করা হয়। ট্রাস্টের সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে শুধু যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ, মৃত যুদ্ধাহত, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারই নয়, বরং সব বীর মুক্তিযোদ্ধার কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারের তহবিলেও অর্থ জমা দেওয়ার সক্ষমতা অর্জন সম্ভব।

 

সভায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি এবং ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।

Share This