ব্যাংকিং খাতে ডলারের কোনো সংকট নেই : গভর্নর

ব্যাংকিং খাতে ডলারের কোনো সংকট নেই : গভর্নর

নিজস্ব প্রতিবেদক : November 29, 2025

ব্যাংকিং খাতে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি আরও জানিয়েছেন, আসন্ন রমজানে পণ্য সংকটের কোনো শঙ্কা দেখা যাচ্ছে না।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, আমাদের এক্সটারনাল সেক্টর এখন স্থিতিশীল। ব্যাংকিং খাতে ডলারের অভাব নেই। প্রয়োজন হলে টাকা নিয়ে এলেই ব্যাংকগুলো থেকে ডলার পাওয়া যাবে। গত বছর যেমন রমজানে সরবরাহ নিশ্চিত করা গিয়েছিল, এ বছরও সে সক্ষমতা রয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরে এলসি খোলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে— কোনো ক্ষেত্রে ২০%, কোনো ক্ষেত্রে ৫০%, আবার কোনো ক্ষেত্রে ১৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে গত বছরের একই সময়ের তুলনায়।

ব্যাংক খাতে সুদের হার বৃদ্ধির প্রসঙ্গ তুলে গভর্নর জানান, আমানতের সুদহার ৬ শতাংশ থেকে বেড়ে এখন ১০ শতাংশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনাও রয়েছে।

গভর্নর বলেন, বাজারকে স্বাভাবিক রাখতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে হবে। আমদানি খোলা না রাখলে বাজারে চাপ সৃষ্টি হবে—এটাই বাস্তবতা।

Share This