ফেনীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

ফেনীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

ফেনী প্রতিনিধি : June 04, 2026

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী এবং অপর একজন পথচারী। 

বুধবার ও বৃহস্পতিবার সংঘটিত এসব দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন ওরফে জিসান (২৩), ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের নতুন বাজার পাটোয়ারী বাড়ির কামরুল ইসলামের ছেলে জিয়ানুল ইসলাম শাওন (২৩) এবং সোনাপুর গ্রামের আবদুস সামাদের ছেলে মোহাম্মদ জুয়েল মাতাব্বর (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইকবাল হোসেন জিসান ও জিয়ানুল ইসলাম শাওন মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে ফেনী শহরের দিকে আসছিলেন। পথে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকার সুলতান পাম্পসংলগ্ন চৌধুরীপাড়া সড়কের মুখে পৌঁছালে একটি দ্রুতগতির ড্রামট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ইকবাল হোসেন জিসানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে, বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস মোহাম্মদ জুয়েল মাতাব্বরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জুয়েল পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, নিহত ইকবাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জুয়েল মাতাব্বরের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন এবং শাওনের মরদেহ চট্টগ্রাম থেকে ফেনীতে আনা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This