ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর)। আজ নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।
এ উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়পত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত।
নির্বাচনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টেবর। আর ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়-সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।