পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক : March 03, 2026

আজ ৩ মার্চ এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজ সন্ধ্যার আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সাম্প্রতিক সূর্যগ্রহণ বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে দেখা না গেলেও, আজকের চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন এই অঞ্চলের মানুষ। অল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ উপভোগ করা যাবে।

চন্দ্রগ্রহণ কেন হয়?

চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত করেই সে উজ্জ্বল থাকে। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এই অবস্থাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে যায় এবং বিশেষ এক আভা তৈরি হয়।

কেন একে ‘ব্লাড মুন’ বলা হয়?

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ একদম কালো হয়ে যায় না, বরং গাঢ় লাল রং ধারণ করে। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন সূর্যের আলো প্রতিসরিত হয়, তখন নীল অংশটি চারদিকে ছড়িয়ে পড়লেও লাল অংশটি চাঁদের ওপর গিয়ে পড়ে। এ কারণেই গ্রহণ চলাকালীন চাঁদকে রক্তিম দেখায়, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ব্লাড মুন’।

কখন এবং কোথায় দেখা যাবে?

৩ মার্চ পৃথিবীর যে যে দিকে রাত থাকবে, সেখান থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকে ও ভারত থেকেও দেখা যাবে। তবে কম সময়ের জন্য।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলবে গ্রহণ। সবচেয়ে নাটকীয় পর্যায় চলবে ৫৮ মিনিট ১৫ সেকেন্ড ধরে। সেই সময় আকাশে খালি চোখে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। তবে পৃথিবীর সব জায়গা থেকে তা দেখা যাবে না। আমেরিকার পশ্চিমের স্টেটগুলোতে সেই গ্রহণ দেখা যাবে ৩ মার্চ ভোর ৪টা ৪ মিনিট থেকে ৫টা ২ মিনিট পর্যন্ত (আমেরিকার সময়)।

ভারতে কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে?

ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ৩ মার্চ বিকেল ৪টা ৫৮ মিনিট থেকে (ভারতীয় সময়)। দেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। খণ্ডগ্রাস দেখা যাবে রাত ৭টা ৫৩ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ সময় অনুযায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু

বিকেল ৫টা ২৮ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ: সন্ধ্যা ৬টা ২ মিনিট। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ শেষ: রাত ৮টা ২৩ মিনিট।

খালি চোখে কি দেখা যাবে?

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমা বা ফিল্টারের প্রয়োজন হয় না। এটি সম্পূর্ণ নিরাপদ, তাই যে কেউ খালি চোখেই আকাশের এই বিস্ময়কর দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে মেঘমুক্ত আকাশ থাকলে এই গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে।

Share This