ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তীব্রতা আরও বাড়াবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তিনি দাবি করেন, ইরানকে ‘সম্পূর্ণভাবে’ ধ্বংস করবে আমেরিকা। আগামী দিনে ইরানে হামলার তীব্রতা আরও বাড়াবে মার্কিন বাহিনী।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা আগামী সপ্তাহে ইরানে আরও ভয়াবহ আঘাত করতে যাচ্ছি।
একইসঙ্গে ট্রাম্প এ-ও জানান, ইরানের বর্তমান শাসকদের সম্পূর্ণ উৎখাত করা এই মুহূর্তে কঠিন হবে! তবে সেই লক্ষ্যেই থাকবে আমেরিকা।
রাশিয়া নিয়েও আবার মুখ খুলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, অতীতের মতো না হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন।
ট্রাম্পের কথায়, ওরা (রাশিয়া) হয়তো ভাবছে আমরা ইউক্রেনকে সাহায্য করছি। তাই না? তার পরেই ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা তাদেরও (ইউক্রেন) সাহায্য করছি।