পার্বত্য অঞ্চলের উন্নয়নে সীমান্ত সড়ক পরিদর্শনে দুই উপদেষ্টা

পার্বত্য অঞ্চলের উন্নয়নে সীমান্ত সড়ক পরিদর্শনে দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : January 29, 2026

পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাস্তবায়নাধীন সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন সরকারের দুই উপদেষ্টা। 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আলিকদম পোয়ামুহুরি সীমান্ত সড়ক পরিদর্শনে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।

ঢাকা থেকে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে প্রথমে মেনদন পাড়া আর্মি ক্যাম্পে পৌঁছান তারা। সেখানে ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক কর্ণেল তানিম শাহরিয়ার তাদের অভ্যর্থনা জানান। পরে তারা পোয়ামুহুরি ইসিবি প্রকল্প ক্যাম্পে গিয়ে সীমান্ত পিলার-৫৭ এলাকায় সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন। প্রকল্পটি ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। 

পরিদর্শনকালে উপদেষ্টারা প্রকল্পের অগ্রগতি, নির্মাণ মান, কারিগরি পদ্ধতি এবং পাহাড়ি এলাকায় কাজের চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশনা দেন তারা। 

উপদেষ্টারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠীর সঙ্গে দেশের মূল যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রমে গতি আসবে। 

পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সীমান্ত সড়ক নির্মানের মাধ্যমে স্থানীয় জনগণের জীবন মান উন্নয়ন, জরুরি সেবা নিশ্চিত করন এবং দুর্গম এলাকায় রাস্ট্রীয় উপস্থিতি জোরদারের বিষয় গুরুত্ব পায়। 

সীমান্ত সড়ক পরিদর্শনে আরো ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Share This