জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্র না ছেড়ে নিউ ইয়র্কে অবস্থান করায় দুই ইরানি কূটনীতিককে দেশ থেকে বের করে দিয়েছে মার্কিন প্রশাসন। এর আগে একাধিকবার তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্দেশ অমান্য করায় চরম পদক্ষেপ নেয় ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিতে কঠোর অবস্থান নিয়েছেন উল্লেখ করে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিও কোনো ছাড় দিতে নারাজ। সাধারণ পরিষদের অধিবেশন পার হয়ে যাওয়ার দীর্ঘদিন পরও দুই ইরানি প্রতিনিধিকে নিউইয়র্কেই অবস্থান করতে দেখা যায়। বর্তমানে তাদের জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়া হয়েছে।’
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘে নিযুক্ত ইরানি স্থায়ী মিশনকে গত সোমবারই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের পুরো প্রতিনিধিদলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে।তবে পুরো দল ফিরে গেলেও এই দুই কূটনীতিক সেই আদেশ অমান্য করে নিউইয়র্কেই থেকে যান।
পরবর্তীতে শুক্রবার আবারও ইরানি মিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, ওই দুই কর্মকর্তা আদেশের পরও যুক্তরাষ্ট্রে রয়ে গেছেন এবং বিষয়টি ওয়াশিংটনের নজরে এসেছে। তাদের তাৎক্ষণিকভাবে দেশ ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়। শেষ পর্যন্ত সেই নির্দেশের মুখে এক ইরানি কূটনীতিক শুক্রবার রাতে এবং দ্বিতীয়জন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হন।