সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি : June 04, 2026

সুন্দরবনে পরিচালিত ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুখ্যাত করিম শরীফ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে এক সদস্যকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এ সময় ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, একটি শিংসহ হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল এবং একটি কাঠের বোট উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাত বাহিনীর ব্যবহৃত একটি আস্তানাও ধ্বংস করা হয়।

 

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোরেলগঞ্জ উপজেলার পি সি বাড়ইখালি এলাকায় তার বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

কোস্ট গার্ড জানিয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অপপ্রচার উপেক্ষা করে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Share This