হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন পার্থ

হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন পার্থ

বরিশাল প্রতিনিধি : July 27, 2026

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার কথা দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এ ছাড়া আর কিছুই নয়। এর কোনও বাস্তবতা নেই।’

 

সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারে খাল খনন কর্মসূচি পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত দুই বছর আগে আমরা রিমান্ডে ছিলাম। সাধারণ মানুষের বর্তমান মানসিকতা, রক্ত ও আত্মত্যাগের কথা বিবেচনা করলে জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফেরার কথা চিন্তা করাও অসম্ভব।’

 

এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে সদর উপজেলার নদীভাঙন কবলিত সদর শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন তিনি। আগামী একনেক সভায় ওই এলাকা ভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়া খাল খনন কর্মসূচিতে কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

Share This